নাটোরে জামায়াত-শিবিরের ১১ নেতা জেলে
রাষ্ট্রেবিরোধী ষড়যন্ত্রের মামলায় লালপুর উপজেলা জামায়াত-শিবিরের ১১ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে নাটোরের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে ওই নেতারা নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক রওশন আলম নাকচ করে দিয়ে জেলে পাঠানোর আদেশ দেন।
এরা হলেন- লালপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মজিবর রহমান (৫৫), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৩৫), অর্থ সম্পাদক মাজদার হোসেন (৪৫), গোপালপুর পৌর জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ (৪০), সদস্য গোলাম মোস্তফা (৪৫), উপজেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম (২৩), প্রকাশনা সম্পাদক রাজন আহম্মদ (২৫), লালপুর ইউপি শিবিরের সভাপতি সাহাবুল ইসলাম (২৩), আড়বাব ইউপির সভাপতি এনামুল হক (২৫), সদস্য নাছির উদ্দিন (২২) ও সোহেল আলী (১৮)।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গত বছরের ১৮ ডিসেম্বর লালপুর উপজেলা পরিষদ সংলগ্ন একটি মসজিদে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাশকতার ষড়যন্ত্র করে। এ অভিযোগে ওই দিন লালপুর থানার উপ-পরিদর্শক ইসলাম হোসেন বাদি হয়ে মামলাটি করেন।
