মিরসরাইয়ে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
মিরসরাইয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দ আহম্মদ এবং তার দুই ছেলে জাহাঙ্গীর আলম ও দিদারুল আলম।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো এক বছর করে দণ্ডভোগ করতে হবে তাদের।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তিনজনকেই যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে সৈয়দ আহম্মদ বর্তমানে কারাগারে আটক আছেন। তার দুই ছেলে পলাতক।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ১৯ জুলাই মিরসরাইয়ের কাটাগাঙ গ্রামের বাজারে আড্ডারত অবস্থায় সরওয়ার হোসেন ওরফে সোহরাবকে পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালায় পিতা ও দুই পুত্র।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় সরওয়ারের পিতা বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিপি হাশেম জানান, ২০০৬ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং ২০১০ সালের ৩১ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।
