যুদ্ধাপরাধ: আজহারের বিরুদ্ধে ৬ অভিযোগ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এর প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাদের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে দাখিল করার জন্য প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছেন তারা।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসএম ইদ্রিস আলী, প্রসিকিউটর সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম মুক্তাও এ সময় উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর অঞ্চলে ১ হাজার ২২৫ ব্যক্তিকে হত্যা, চারজনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হচ্ছে মামলার তদন্ত প্রতিবেদনে।
তদন্ত কর্মকর্তারা জানান, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আজহার তখন রংপুরের কারমাইকেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি। মুক্তিযুদ্ধের সময় জেলার আলবদর বাহিনীর নেতৃত্বও দেন তিনি।
“তিনি পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র ও তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত থেকে অপরাধ সংঘটন করেন।”
এই জামায়ত নেতার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৪ মার্চ ও ২৭ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক, ন্যাপের (ভাষানী) নেতা ও আয়কর আইনজীবী এওয়াই মাহফুজ আলীসহ ১১ জনকে অপহরণের পর নির্যাতন করা হয়। এরপর ৩ এপ্রিল তাদের দখিগঞ্জ শশ্মানে নিয়ে গুলি করে হত্যা করা হয়, যাতে আজহারও জড়িত।
১৬ এপ্রিল রংপুরের বদরগঞ্জ থানার ধাপপড়ায় ১৫ জন নিরীহ, নিরস্ত্র বাঙালীকে গুলি করে হত্যাসহ লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায়ও আজহার জড়িত ছিলেন বলে অভিযোগ এনেছে তদন্ত সংস্থা।
“একই বছরের ১৭ এপ্রিল রংপুরের বদরগঞ্জের ঝাড়ুয়ারবিল এলাকায় ১২শ’র বেশি নিরীহ লোককে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সঙ্গেও আজহার জড়িত ছিলেন।”
এছাড়া ১৭ এপ্রিল কারমাইকেল কলেজের চারজন অধ্যাপক ও একজন শিক্ষকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাসের বাসা থেকে ধরে নিয়ে দমদমা ব্রিজের কাছে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায়ও আজহারের সম্পৃক্ততার অভিযোগ এনেছে তদন্ত সংস্থা।
একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে রংপুর শহর ও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী নারীদের ধরে এনে টাউন হলে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ এবং নিরীহ, নিরস্ত্র বাঙালিকে অপহরণ, আটক, নির্যাতন, গুরুতর জখম, হত্যা ও গণহত্যার সঙ্গেও এই জামায়াত নেতা জড়িত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়।
এছাড়া নভেম্বরের মাঝামাঝি সময়ে রংপুর শহরের গুপ্তাপাড়ায় একজনকে নির্যাতন এবং ১ ডিসেম্বর বেতপট্টি থেকে একজনকে অপহরণ করে রংপুর কলেজের মুসলিম ছাত্রাবাসে নিয়ে নির্যাতনের সঙ্গেও আজহার জড়িত ছিলেন বলে অভিযোগ এনেছে তদন্ত সংস্থা।
২০১২ সালের ১৫ এপ্রিল থেকে এটিএম আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ সময় ৬০ জনেরও বেশি ব্যক্তির বক্তব্য শোনেন তদন্ত কর্মকর্তারা। তবে প্রতিবেদনে তারা সাক্ষী করেছেন ২৭ জনকে।
গতবছর ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
