ফুল-মিষ্টি নিয়ে আজমতের বাসায় মান্নান
ফুল আর মিষ্টি নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরাজিত প্রার্থী আজমত উল্লা খানের বাসায় গেছেন নির্বাচিত মেয়র এম এ মান্নান।
সোমবার সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টঙ্গীর আনারকলি রোডে আজমতের বাসায় যান তিনি।
শুভেচ্ছা বিনিময়ের সময় তারা নবগঠিত এই সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ এগিয়ে নেয়ার অঙ্গীকারের কথা বলেন।
এম এ মান্নান বলেন, “আজমত উল্লাহ খান আমার সঙ্গে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যুদ্ধের ফলাফল দু’দিকে যায় না। একজন বিজয়ী হয়, অন্যজন পরাজিত হয়। আজকে আমাদের জয়-পরাজয় যা-ই হোক, তা হলো জনতার রায়।”
“আমি আশা করছি, আমরা দু’জনে মিলেমিশে কাজ করব। আজমত ভাইকে সকল কাজে পাশে পাব। ওনার সহযোগিতা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আজমত ভাইয়ের ইশতেহারে ভালো যা কিছু আছে, আমি তা জনস্বার্থে বাস্তবাযনের চেষ্টা করব”, যোগ করেন মান্নান।
এ সময় আজমত উল্লা খান বলেন, “পরাজয়ের কারণ যা-ই হোক, আমি জনগণের রায় মেনে নিয়েছি। যেকোনো বিষয়ে মান্নান ভাই সহযোগিতা চাইলে আমি কর্মী-সমর্থক নিয়ে তার পাশে থাকব।”
কারণ জনগণের জন্য কাজ করার মনোবাসনা নিয়েই প্রার্থী হয়েছিলাম। জনগণের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল, বলেন আজমত।
এ সময় উভয়েই জয়-পরাজয়ের কারণ হিসেবে জাতীয় ইস্যূকেই চিহ্নিত করেন।
আজমতের বাসভবনে পৌনে এক ঘণ্টা সময় কাটান মান্নান।
পরে মান্নান শুভেচ্ছা বিনিময়ের জন্য জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য কাজী মাহমুদ হাসানের গাজীপুরের বাসায় যান।
এ সময় মান্নানের সঙ্গে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহান শাহ আলম, গাজীপুর জেলা যুবদলের সভাপতি এমদাদ খান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সুরুজ আহমেদসহ উভয় দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সন্ধ্যায়ও আজমত উল্লা খানের বাসায় গিয়েছিলেন মান্নান। তবে সে সময় আজমত বাসায় না থাকায় দুজনের দেখা হয়নি।
শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথাম নির্বাচনে ক্ষমতাসীন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে এক লাখের বেশি ভোটে পরাজিত করেন ১৮ দলীয় প্রার্থী এম এ মান্নান।
