ফরিদপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর কলেজছাত্র পারভেজ বিশ্বাসের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কাচারীরটেক এলাকা থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়।
পারভেজ (১৯) ডিক্রিরচর ইউনিয়নের আয়জুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের মো. জালাল উদ্দিন বিশ্বাসের একমাত্র ছেলে। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত শুক্রবার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলসহ নিখোঁজ হন পারভেজ। তখন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন।
এ ব্যাপারে শনিবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি খাদ থেকে বালুর বস্তা দিয়ে বাধা অবস্থায় পারভেজের লাশ উদ্ধার করা হয়।
“পারভেজের দুইটি কান কেটে নিয়েছে দৃর্বৃত্তরা। সারা শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার পর দুর্বৃত্তরা পারভেজকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই নজরুল।
