হারের প্রভাব কতোটা: বিতর্কে নোমান-শাজাহান
স্থানীয় নির্বাচনে হারে সরকারের জনপ্রিয়তায় কোনো ভাটা পড়বে না বলে একজন প্রভাবশালী মন্ত্রী দাবি করলেও বিএনপি বলছে, এটি সরকারের বিশ্বাসযোগ্যতা হারানোরই প্রমাণ, প্রতিফলন জাতীয় নির্বাচনেও দেখা যাবে।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ আয়োজিত সংলাপে অংশ নেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তাদের সঙ্গে প্যানেল আলোচক হিসাবে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূইয়া ও অ্যাকশন এইড বাংলাদেশের কন্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
চার শহরে পরাজিত হওয়ার পর শনিবার আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনেও হেরে গেছেন ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থী।
সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সরকারের জনপ্রিয়তায় ধস নেমেছে এমন প্রমাণ করে কি না- একজন দর্শকের এ প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে জয় পরাজয় থাকবেই। সরকার এই নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন না, জনপ্রিয়তায় ধস নেমেছে এমন কথাও সত্য নয়। স্থানীয় নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলে না।”
তবে সরকারের যদি কোন ভুল থাকে তা সংশোধনের চেষ্টা করা হবে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।
জনগণ ভোটের মাধ্যমে সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতির জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি।
আর ঢাবি শিক্ষক শফিউল আলম ভূইয়া বলছেন, জনগণ এখন সরকারের উপর বিরক্ত, এটা সরকারকে বুঝতে হবে। অবশ্য শাজাহান খানের সঙ্গে সহমত পোষণ করেন ফারাহ কবির।
তিনি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বচনের ফলাফল অনেক সময়ই মেলে না। তবে ভোটাররা এখন সচেতন হয়ে গেছে, তারা প্রার্থীদের কাজ দেখেই ভোট দেয়।
মহাজোট জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করেছে বলেই মহাজোটকে বারবার পরাজয়ের স্বাদ নিতে হচ্ছে- দর্শক সারি থেকে উত্থাপিত মন্তব্যের জবাবে নৌমন্ত্রী বলেন, জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হয়নি। তারা অবমূল্যায়িত হলে মহাজোট প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে সমর্থন দিতেন না।
এ বিষয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, মহাজোটে জাতীয় পার্টি অবমূল্যায়িত- এটা দৃশ্যমান। তবে জাতীয় পার্টিকে অবমূল্যায়ন নয়, বরং নিজেদের ব্যর্থতাই আওয়ামী লীগের সিটি নির্বাচনে পরাজয়ের কারণ।
অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টির ভোট বেশি না। জোট থেকে সুবিধা পাওয়ার কৌশল হিসেবে জাতীয় পার্টি একেক সময় একেক ধরনের কথা বলে থাকে। ফারাহ কবিরও তার এই বক্তব্যকে সমর্থন দেন।
সংলাপে অন্যান্য বিষয়ের মধ্যে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন প্রসঙ্গও উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম এ বিষয়ে বলেন, লিমনের ব্যাপারে র্যাব বাড়াবাড়ি করেছে। সরকার চাইলে এ ব্যাপারটিতে মানবিক হতে পারতো।
লিমনের ব্যাপারে মানবাধিকার কমিশন সঠিকভাবে কাজ করেনি বলেই মনে করেন ফারাহ কবির।
পুরো সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।
