সারা দেশের রায় দিয়েছে গাজীপুর: ফখরুল
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের মধ্য দিয়ে সারা দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেছেন, এতে তত্ত্বাবধায়কের দাবিই প্রতিষ্ঠিত হয়েছে।
ফাইল ছবি
“নো, আর এখানে দরকার নেই। এবার আপনারা বিদায় হোন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে মানে সরে দাঁড়ান।”
শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে ১ লাখের বেশি ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত এম এ মান্নান।
টেলিভিশন প্রতীকে মান্নান পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৪৪০ ভোট। দোয়াত-কলম প্রতীকে আজমত পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট।
জুনে চার সিটিতে ভরাডুবির পর জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচনকে ক্ষমতাসীনদের জন্য ‘শেষ পরীক্ষা’ হিসেবে দেখছিলেন রাজনীতি বিশ্লেষকরা। এ কারণে বড় দুই দলই এ নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে।
শনিবার সকাল থেকেই দফায় দফায় ব্রিফিং করে ভোটে মান্নান সমর্থকদের হয়রানি, ভোটগ্রহণে ধীরগতিসহ বিভিন্ন অভিযোগ জানাতে থাকে বিএনপি। সরকার ‘জনগণের রায় পাল্টে দেয়ার ষড়যন্ত্র’ করছে বলেও অভিযোগ করেন ফখরুল।
ভোটের ফলের পর রোববার তিনি বলেন, “আমরা যেসব অভিযোগ করেছিলাম, তার প্রতিটি অভিযোগই সত্য। পত্রপত্রিকায় দেখুন, কোনোটিই মিথ্য প্রমাণ করতে পারেনি।”
জনগণের ‘স্বতস্ফূর্ত প্রতিরোধ ও নিরব রায়ে’ সরকারের ‘নীল নকশা’ ব্যর্থ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
এই বিএনপি নেতার দাবি, সরকার জনগণের রায়কে ‘বদলে দেয়ার চেষ্টা’ না করলে মান্নান আরো বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হতেন।
“এমন একটি সিটি কর্পোরেশনে এই বিজয় এসেছে, যে এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল। ১০ লাখ ভোটারের ওই এলাকায় দুটি নির্বাচনী আসনেও আওয়ামী লীগের প্রার্থীরা এমপি নির্বাচিত হয়েছিলেন।”
গাজীপুর নির্বাচনে মেয়রসহ ৬৮টি কমিশনার পদে ৪৮ জন বিজয়ী হয়েছেন জানিয়ে ফখরুল বলেন, এটা ১৮ দলীয় জোটের জন্য বড় বিজয়।
“এ বিজয়ের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া গাজীপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন।”
ভোটের সময় ‘শত উস্কানির মধ্যেও’ বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় উল্লেখ করে তাদেরও ধন্যবাদ জানান ফখরুল।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘‘সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তারা স্বৈরাচার ও ফ্যাসিস্ট আচরণ করে। তারা বাক স্বাধীনতা ও মানুষের মুক্তচিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে না। গতকালও দেখা গেছে, গাজীপুরে ভোট হচ্ছে আর এখানে পুলিশ এসে নেতা-কর্মীদের ঢুকতে বাধা দিচ্ছে।”
গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে এসেও আওয়ামী লীগ গণতন্ত্রের ‘কণ্ঠ রোধ’ করছে বলে অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।
তিনি বলেন, ‘‘গাজীপুরসহ পাঁচটি সিটি নির্বাচনে জনগণ বিরোধী দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করে আমাদের মূল দাবি- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে। তারা (জনগন) রায় জানিয়ে দিয়েছে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এদেশে হবে না।’’
দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংবিধানে যুক্ত করে সরকারকে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কেন্দ্রীয় নেতারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
