চবিতে শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবি
শাটল ট্রেনের বগি বাড়ানোসহ চারদফা দাবিতে মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার ক্যাম্পাসে ‘সাধারণ শিক্ষার্থী মঞ্চের’ ব্যানারে এ মিছিল করেন তারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: শাটল ট্রেনের বগি বাড়ানোসহ এর সংরক্ষণ ও সিট বৃদ্ধি, ক্যাম্পাস থেকে শহর এবং চবি ১ নম্বর গেইট থেকে চাকসু পর্যন্ত বাস চালু, চবি হাসপাতালের আধুনিকায়ন ও অ্যাম্বুল্যান্সের সংস্কার, চবি এক নম্বর গেইট থেকে ক্যাম্পাসের প্রতিটি সড়কে প্রয়োজন মতো ডিভাইডার নির্মাণ।
আন্দোলনকারী শিক্ষার্থী সুজন কান্তি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের দাবি নিয়ে প্রক্টর ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। তারা দাবি মানার আশ্বাস দিয়েছেন।”
এ সময় আন্দোলনকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ইমরান, সঞ্চিতা দে, মিল্টন দেবনাথ উপস্থিত ছিলেন।
