‘ভোট কিনতে’ গিয়ে আটক জামায়াতকর্মীসহ ৪
গাজীপুরে ভোটের সকালে ‘টাকা ছড়ানোর’ সময় জামায়াতে ইসলামীর এক কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জামায়াতকর্মী হুমায়ুন কবির, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও মোহাম্মদ শাহীন।
শনিবার ভোরে জয়দেবপুরের কামারঝুরি এলাকার দুটি জায়গা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই শাহদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসাদ, ফারুক, ও শাহীনের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। কিছুক্ষণ পর আটক হুমায়ুনের কাছে পাওয়া যায় দুই লাখ টাকা।”
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এসআই শাহাদাত।
শনিবার সকাল ৮টায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে উৎসবের আমেজে ভোট শুরু হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ৩৯২টি কেন্দ্রে।
আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার রয়েছে।
