২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ঘণ্টায় ৫০% ভোট

শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে গাজীপুরের ভোট চলছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেছেন, প্রথম পাঁচ ঘণ্টায় প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:58 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

বেলা ১টা পর্যন্ত কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামান্য সমস্যা কিছু কিছু হয়েই থাকে। তবে অ্যাকশন নেয়ার মতো কিছু এখনো হয়নি।”

শনিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বেলা সাড়ে ১২টায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক কমিশন কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি সে সময় জানান, বেলা ১২টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা জানতে পেরেছেন।

ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়ানো ও ধীর গতিতে ভোট নেওয়ার বিষয়ে সচিব বলেন, “আবহাওয়া ভালো থাকায় উপস্থিতি ভালো হয়েছে। একই স্থাপনায় কয়েকটি কেন্দ্র হওয়ায় লাইনও দীর্ঘ হয়েছে। তবে পর্যাপ্ত ভোট কক্ষ থাকায় এ নিয়ে সমস্যা হয়নি।”

গত চার সিটি কর্পোরেশন নির্বাচনের সময় দুপুরের আগে কশিমনাররা ইসিতে না এলেও শনিবার সকালেই কমিশনে আসেন সবাই। তবে দুপুর পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল কমিশনে অভিযোগ নিয়ে আসেননি।

গাজীপুরের ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী এবং ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ।

ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থিত দুই প্রার্থীসহ মোট সাতজন গাজীপুরের মেয়র হওয়ার লড়াইয়ে আছেন।

এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।