শেরপুরে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর মৃত্যু হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার গভীর রাতে সীমান্তবর্তী বড় গজনী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মন্দিরা মারাক (২৮) ওই এলাকার মারনাথ সাংমার স্ত্রী। তাদের দুইটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউএনও মো. মোজাম্মেল হক জানান, রাত দেড়টার দিকে বন্যহাতি আক্রমণ করলে মশাল হাতে হাতি তাড়াতে গ্রামবাসীর সঙ্গে যান মন্দিরা।
এক পর্যায়ে একটি হাতি মন্দিরাকে শুড়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলে বলে জানান তিনি।
ঝিনাইগাতী থানার পরিদর্শক গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মন্দিরার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।
