আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট চলছে
উৎসাহ উদ্দীপনার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে ৮টায় আড়াইহাজার পৌরসভার সফর আলী কলেজ ও ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোট দিচ্ছের লাইনে দাঁড়িয়ে।
সফর আলী কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার একেএম রায়হান মন্ডল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটারের উপস্থিতি ভাল।
আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী থাকলেও ভোটের একদিন আগে দুই প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোয় ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় আছেন।
সাধারণ কাউন্সিলর ৪৯ জন। তবে, এরমধ্যে ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতেম আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং অফিসার মো. জালালউদ্দিন জানান, প্রত্যেকটি কেন্দ্রে আনসার ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খল বাহিনীর ২৭ সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া দুটি পৌরসভায় ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম এবং চেকপোস্ট থাকবে।
তিনি আরো বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্বাচনের ভোট গ্রহণ ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
