২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট প্রত্যাহার, বৈঠকে সিএনজি স্টেশন মালিকরা

সিলেটে এক  সিএনজি স্টেশনে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে রিফুয়েলিং স্টেশন মালিকরা সারা দেশে ধর্মঘট শুরুর পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে প্রত্যাহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 06:01 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে আব্দুল হাইকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়।

তাকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুর সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ধর্মঘট শুরু হয়। এর সঙ্গে একাত্মতা জানিয়ে শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশের সব রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়।

সিলেট পেট্রোল পাস্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, মালিক সমিতির নেতারা ঢাকায় জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছেন। ধর্মঘট প্রত্যাহার করা হবে কিনা- দুপুরে ওই বৈঠকের পর তা জানা যাবে।  

বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের একজন ম্যাজিস্ট্রেট গত কিছুদিন ধরে বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে মালিকদের ‘হয়রানি’ এবং ‘বেআইনিভাবে’ লাখ লাখ টাকা জরিমানা করছেন।

“এর ধারাবাহিকতায় গত ২২ মে ঢাকার মুগদার শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে সংযোগ বিছিন্ন করে স্টেশনের মিটার নিয়ে যান ম্যাজিস্ট্রেট। তিনি মিটারটি বেআইনীভাবে এক মাসের বেশি সময় নিজের হেফাজতে রাখেন।”

গত ২৬ জুন পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভা হয়, যেখানে গ্যাসের ‘ডেনসিটি ফ্যাক্টর’ নির্ধারণে বিএসটিআইয়ের সমন্বয়ে এক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“এই কমিটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সিএনজি স্টেশনে হয়রানি করবেন না বলে ওইদিন সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন পেট্টোবাংলার চেয়ারম্যান।

“কিন্তু ওই ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবারও সিলেটের বেঙ্গল গ্যাসোলিন সিএনজি স্টেশনে গিয়ে হয়রানি করেন। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় শাখা এক জরুরি সভায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা পেট্রোবাংলার একটি প্রতিনিধি দল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে অভিযান শুরু করে।

তারা প্রথমেই নগরীর সোবহানীঘাটে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের মালিকানাধীন বেঙ্গল গ্যাসোলিন ফিলিং স্টেশনে যান এবং গত পাঁচ বছরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কাগজপত্র দেখতে চান। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কাগজপত্র না দেখিয়ে ওনার্স গ্রুপের নেতাদের খবর দেন।

এ সময় ম্যাজিস্ট্রেট জরিমানা করতে চাইলে ওনার্স গ্রুপের নেতারা ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে সিলেট কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান।

এরপর ওনার্স গ্রুপের নেতারা সিলেট বিভাগের সকল রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন এবং পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের লোকজন সন্ধ্যায় আবদুল হাইকে প্রত্যাহারের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ও সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে সড়ক অবরোধ করে।

শুক্রবার সকাল থেকে সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ থাকায় গাড়ি চালক ও সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।  

বর্তমানে দেশে সাড়ে পাঁচশর বেশি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে বলে মালিক সমিতির নেতারা জানান।

পুরনো খবর:

সিএনজি বিক্রি বন্ধ, বিপাকে চালকরা