ডিসেম্বরে রাজধানীতে ‘আন্তর্জাতিক’ বইমেলা
চলতি বছরের ডিসেম্বরে রাজধানীতে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ‘জ্ঞান ও সৃজনশীল’ প্রকাশক সমিতি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সমিতির এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওসমান গণি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “এই আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের বইপ্রেমীদের পৃথিবীর বিভিন্ন দেশের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। দেশ বিদেশের প্রকাশকরা এই মেলায় তাদের বই নিয়ে আসবেন।”
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাংলাদেশের সৃজনশীল বই ২০১৩’, ‘প্রকাশক নির্দেশিকা’ এবং সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিভিন্ন ‘সৃজনশীল’ প্রকাশনা সংস্থার প্রায় ৩০ হাজার বইয়ের তালিকা নিয়ে ‘বাংলাদেশের সৃজনশীল বই ২০১৩’ প্রকাশ করেছে ‘জ্ঞান ও সৃজনশীল’ প্রকাশক সমিতি।
আর প্রকাশক নির্দেশিকায় ছবিসহ বিভিন্ন প্রকাশকের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর রয়েছে।
এই উদ্যোগের জন্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতিকে ধন্যবাদ জানিয়ে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ
বলেন, “বাংলাদেশের প্রকাশনা শিল্পে পেশাদারিত্বের যে ঘাটতি রয়েছে সৃজনশীল প্রকাশক সমিতির এ ধরনের উদ্যোগ তা অনেকখানি লাঘব করতে পারবে।”
অনুষ্ঠানের আরেক অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “অমর একুশে গ্রন্থমেলায় আমরা কেবল নিজেদের বইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। বাইরের বইয়ের প্রতি আমাদের বইপ্রেমীদের যে আগ্রহ, সেটা এই আন্তর্জাতিক বইমেলা অনেকখানি মেটাবে।”
সারা বছর দেশে যেসব বই প্রকাশিত হয়, তার তালিকা প্রণয়নে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগী হওয়া উচিত বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাসানুল হক ইনু সৃজনশীল প্রকাশক সমিতির তালিকাভুক্ত বইগুলোকে ই-বইয়ে রূপান্তর করে ওয়েবসাইটে তুলে দেয়ার পরামর্শ দেন।
“লোকে প্রয়োজনে সেখান থেকে টাকা দিয়ে বই কিনবে, বই পড়বে।”
এ ধরনের উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
