গাজীপুরে ১১ হাজার নিরাপত্তা সদস্য
আয়তনে দেশের বৃহত্তম মহানগর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ হাজারেরও বেশি আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকাকে দুই ভাগে ভাগ করে দায়িত্ব পালন করবেন তারা।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে র্যাব-১ এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানুয়ারিতে টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এটি দেশের একাদশ সিটি কর্পোরেশন। ৬ জুলাই প্রথমবারের মতো এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ মহানগরীতে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন, যাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী ভোটার রয়েছেন।
এ সিটি কর্পোরেশনে ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ সাংবাদিকদের নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নির্বাচনী এলাকায় র্যাব-১ এর পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে পোশাকধারী এবং গোয়েন্দা মিলিয়ে ৮৪৭ জন র্যাব সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
তবে শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। অবশ্য ক্ষমতাসীন জোট এই দাবির পেছনে সেনা বাহিনীকে বিতর্কিত করার ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করছে। নির্বাচন কমিশনও নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি বলেই তাদের পর্যবেক্ষণ।
লেফটেন্যান্ট কর্নেল কিসমত বলেন, নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সমগ্র নির্বাচনী এলাকাকে দুটি সেক্টরে বিভক্ত করা হয়েছে। একটি গাজীপুর সেক্টর এবং অপরটি টঙ্গী সেক্টর।
এছাড়া প্রতিটি সেক্টরকে তিনটি করে সাব সেক্টরে ও প্রত্যেকটি সাব সেক্টরকে পাঁচটি ‘ডিটাচমেন্টে’ ভাগ করা হয়েছে। প্রত্যেক ডিটাচমেন্টে ১ জন অফিসারের নেতৃত্বে দুটি টহলদল সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
প্রত্যেকটি সাব সেক্টরে দুটি টহলে ১৬ জন স্ট্রাইকিং রিজার্ভ হিসাবে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহে র্যাবের একটি শক্তিশালী গোয়েন্দাদল ইতোমধ্যে মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে।
গাজীপুর পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, নির্বাচন উপলক্ষে নগরীর ১২ প্লাটুন বিজিবি, আনসার, এবিপিএনসহ ১১ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
আর ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহলে থাকবে বলে জানান গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান।
