বন্ধ হলো সংসদের নকশা বহির্ভূত কাঠামো তৈরি
সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশায় পরিবর্তন এনে টেলিভিশন সেন্টার নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে।
স্থপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরর্বতীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন।
সংসদের উত্তর ব্লকে সংসদ টেলিভিশনের স্টুডিও নির্মাণে মূল নকশা নষ্ট করা হয়েছে- গণমাধ্যমে এই খবর প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্পিকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার পর মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। রিভিউ কমিটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।”
এনিয়ে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
গত ২ জুন সংসদ কমিশনের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু না করার ব্যাপারে মত দেন।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি। তবে ওই সময়ও টেলিভিশন সেন্টারের নির্মাণ কাজ চলছিল।
সংসদ ভবন
মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর ব্লকের কাজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”
এছাড়া সংসদের মূল নকশার কোথায় কোথায় পরিবর্তন আনা হয়েছে, তা পর্যালোচনার সিদ্ধান্তও হয়েছে বলে স্পিকার জানিয়েছেন।
গণপূর্ত বিভাগের হিসাব অনুযায়ী, লুই কানের নকশায় সংসদ ভবনে চারশ কক্ষ থাকার কথা। কিন্তু বিভাজন তৈরি করায় এখন এর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশরও বেশি।
সর্বশেষ তৃতীয় তলার পশ্চিম ব্লকে সচিবের কক্ষের সামনের উন্মুক্ত জায়গা কাচ দিয়ে ঘিরে সভাকক্ষ বানানো হয়েছে।
এ বিষয়ে স্পিকার বলেন, “অনেক আগে থেকেই পার্টিশান দিয়ে এসব কাঠামো তৈরি করা হয়েছে। এগুলো একদিনে বন্ধ করা যাবে না। তবে এগুলোর বিষয়েও আমি রিভিউ করব।”
গত বিএনপি-জামাত জোট সরকারের আমলেও সংসদ এলাকায় মূল নকশার বাইরে স্পিকার-ডেপুটি স্পিকারের জন্য বাসভবন বানানো হয়।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ব্বেও তখন ভবন দুটি তৈরি হয়। এ সংক্রান্ত একটি মামলা এখনো বিচারাধীন।
