২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের মৃত্যু, স্বামীসহ ইউপি সদস্য গ্রেপ্তার

এক যুবক নিহতের ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার এক নারী ইউপি সদস্যকে তার স্বামীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার বিকালে শহরের দাসপাড়া স্কুলের কাছ থেকে জাহাঙ্গীর সরদার (৩২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এর পরই শহরের নারকেলতলা মহল্লা থেকে বাঁশদহা ইউপি সদস্য আকলিমা খাতুন সাথী ও তার স্বামী আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর বাঁশদহা ইউনিয়নের কামারবায়সা গ্রামের আদম আলী সরদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আমান উল্লাহ জানান, সাথীর সঙ্গে জাহাঙ্গীরের সম্পর্ক ছিল। দুপুরে জাহাঙ্গীর নারকেলতলা এলাকায় সাথী মেম্বারের ভাড়া বাসায় আসে। তখন স্থানীয় লোকজনকে নিয়ে আবদুর রহমান তাদের আটক করার চেষ্টা করেন।

তখন জাহাঙ্গীর ঘরের চাল খুলে লাফিয়ে পালিয়ে যান। তার কিছু পরেই দাসপাড়া স্কুলের সামনে থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান।

তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

তবে ইউপি সদস্য সাথী দাবি করেন, জাহাঙ্গীরকে হত্যা করা হয়নি। স্থানীয়দের তাড়া খেয়ে পড়ে গিয়ে সে হার্টফেল করে মারা যেতে পারে।