নোয়াখালীতে আসামির পলায়ন, দুই কনস্টেবল বরখাস্ত
নোয়াখালীতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় চুরির মামলার এক আসামি পালিয়ে যাওয়ায় বেগমগঞ্জ থানার দুই কনস্টেবলকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে জেলা পুলিশ সুপারের এক আদেশে কনস্টেবল মো. নাজিম উদ্দিন ও মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।
বুধবার পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার বিকেলে দুই কনস্টেবল চুরির মামলার আসামি খলিলুর রহমান ও মো. ফারুককে চিকিৎসা দিতে জেলা জজ আদালত থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তাদের বহনকারী গাড়িটি হাসপাতালের সামনে পৌঁছামাত্র ফারুক ও খলিল হাতকড়া খুলে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ সময় দুই কনস্টেবল ও স্থানীয়রা ধাওয়া করে খলিলকে ধরতে সক্ষম হলেও ফারুককে ধরা সম্ভব হয়নি।
