২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাঁধ ভেঙে ৩০ বাড়ি নদীগর্ভে

যমুনার পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি বাঁধ ভেঙে অন্তত ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে। এছাড়া তলিয়ে গেছে প্রায় ৫০ হেক্টর জমির ফসল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার ভোরের দিকে ভেসে গেছে উপজেলার মনসুরনগর ইউনিয়নের সদ্য নির্মিত ৭০০ মিটার মাটির তৈরি সিন্না-গোদারবাগ বাঁধ।

বাঁধ ভেঙে যাওয়ায় এলাকার বাসিন্দারা ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।

মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরাঞ্চলের বন্যা ঝুঁকি রোধে চলতি শুষ্ক মৌসুমে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর পূর্বপাড় প্রত্যন্ত চরাঞ্চলের সিন্না-গোদারবাগ বাঁধ নির্মাণ করা হয়।

ভোর রাতে বাঁধটি ধসে যায়। এ সময় বাঁধের পাশে বসবাসরত অন্তত ৩০টি বাড়ি ভেঙ্গে যায় এবং নদীর পানি ভেতরে প্রবেশ করায় প্রায় ৫০ হেক্টর জমির পাট ও তিল তলিয়ে গেছে।

বর্তমানে বাঁধ এলাকার কয়েক গ্রামের মানুষ আতংকে রয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম শাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার, এমপি তহবিল ও এডিবি’র বিশেষ বরাদ্ধকৃত প্রায় ২০০ মেট্রিক টন গম দিয়ে বন্যা ঝুঁকি রোধে চলতি শুষ্ক মৌসুমে বাঁধটি নির্মাণ করা হয়।

ধসের কারণে ১০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

“দূর্গম এলাকা হওয়ায় আমি সেখানে যেতে পারিনি। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মনিটরিং করছেন,” বলেন ইউএনও।