ঝিনাইদহে অস্ত্রসহ ৪ চরমপন্থী গ্রেপ্তার
ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ শহরের হামদহ এলাকার রজব আলীর ছেলে কামরুল ইসলাম (২৪), আবুল কাশেমের ছেলে জসিম উদ্দীন (২৫), জাহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৪) ও ফিরোজ আহমেদের ছেলে মোহাম্মদ হিরণ (২৪)।
এরা নিষিদ্ধ চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য বলে পুলিশ দাবি করছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ভোর ৫টার দিকে তেঁতুলতলা বাজারের পাশে সশস্ত্র চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়।
ওই সময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল ও ছয় রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চারজন ছাড়া বাকিরা পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ বলেন, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে কামরুল ও রাশেদুলের বিরুদ্ধে থানায় আগে থেকেই অস্ত্র ও মাদকের মামলা রয়েছে।
