নারায়ণগঞ্জে কলেজছাত্রী খুন, প্রেমিক পলাতক
নারায়ণগঞ্জের রূগগঞ্জে বুধবার ভোরে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার প্রেমিক পলাতক রয়েছেন।
প্রেমঘটিত কারণে ওই তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ জানায়, দক্ষিণ তারাবো গ্রামে নিজ বাসায় কাঁচপুর সিনহা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মৌসুমী আক্তারের (১৭) লাশ পাওয়া যায়।
মৌসুমী ওই এলাকার রফিক মাস্টারের বাড়ির ভাড়াটিয়া মোক্তার হোসেনে মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মৌসুম তার বাবা, মা ও ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে দেখেন মৌসুমী ঘরে নেই।
এ সময় ঘর থেকে বেরোতে গিয়ে দেখেন বাইরে থেকে শিকল লাগানো। কয়েকবার ধাক্কা দেয়ার পর দরজার শিকল খুলে যায়।
পরে বাথরুমের সামনে গিয়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
নিহতের মাথার পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, এলাকার নিশান জুট মিলের সিবিএ নেতা আবুল হোসেনের ছেলে কাউসার হোসেনের সঙ্গে মৌসুমীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে সম্পর্ক না রাখার জন্য চাপ দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, রাতে কাউসারের সঙ্গে মৌসুমীর দেখা হয়েছে। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে মৌসুমীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে, বলেন ওসি।
তিনি বলেন, কাউসার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
