২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে জমিতে বাঁধ, হাই কোর্টের রুল

মানিকগঞ্জে উর্বর কৃষিজমির উপর বাঁধ নির্মাণের প্রতিবাদে আন্দোলনরত তিন কৃষকের আবেদনে রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার হাই কোর্টের অবকাশকালীন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই রুল জারি করে।

রুলে সিঙ্গাইর খালপাড়ের পরিবর্তে দরিদ্র আবেদনকারীদের উর্বর কৃষিজমি ও বাড়ি ঘরের উপর দিয়ে মানিকগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণে গৃহীত সংশোধিত পরিকল্পনা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

দুই সপ্তাহের মধ্যে পানি সম্পদ সচিব, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরের মেয়র ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মাকসুদুল হাসান চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, আইনজীবী অসীম কুমার মল্লিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।

বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে স্থানীয় কৃষক মো. আয়নাল, মজিবুর রহমান ও মোকসেদ আলী গত সোমবার হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।

একটি জাতীয় দৈনিককে উদ্বৃত করে মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার তরা এলাকা থেকে দেড়গ্রাম পর্যন্ত শহররক্ষা বাঁধ নির্মাণের জন্য পাউবো একটি প্রকল্প হাতে নেয়। ২০০৭-০৮ অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হয়। দুই বছর আগে তরা এলাকা থেকে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা পর্যন্ত কাজ শেষ হয়।

“পৌর এলাকার বড় শৌরুন্ডি এলাকা থেকে সম্প্রতি আবার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য এলাকাবাসীর কাছ থেকে বড় শৌরুন্ডি মৌজার ৫ দশমিক ২ একর জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। কিন্তু জমির মালিকেরা এখন পর্যন্ত অধিগ্রহণের টাকা নেননি।”

তিনি বলেন, দ্বিতীয় দফা কাজ শুরুর পূর্বে পরিকল্পনায় পরিবর্তন এনে সিঙ্গাইর খাল পাড়ের পরিবর্তে একটু ভিতরে ফসলি জমি ও মানুষের ঘরবাড়ির উপর দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

“২০১১ সাল থেকে আমরা এটা নিয়ে আন্দোলন করে আসছি। আন্দোলনকারী অন্য কৃষকরা নিম্ন আদালতে মামলাও করেছেন। কিন্তু কিছুতে কিছু হচ্ছে না।”

আইনজীবী অসীম কুমার মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী খালসংলগ্ন তাঁর কিছু কৃষিজমি ও আমবাগান রক্ষার্থে পরিকল্পনায় এই পরিবর্তন আনা হয়। তিনি জেলার ভূমি বরাদ্দ কমিটির সদস্য হিসাবে প্রভাব খাটিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

“পরিকল্পনায় এই পরিবর্তনটি কখন কিভাবে নেয়া হয়েছে, তা আমরা জানি না। কিন্তু নিম্ন আদালতে পানি উন্নয়ন বোর্ড লিখিতভাবে জানিয়েছে, তারা ‘জনস্বার্থে’ গোপনে পরিকল্পনাটি সংশোধন করেছে।”

হাই কোর্টে উপস্থিত অন্য কৃষক শরিফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ফসলী জমি ও বসতবাড়ির উপর দিয়ে এভাবে বাঁধ হলে একদিকে অনেক মানুষ আয় ও আশ্রয় হারাবে। অনেক পরিবার আবার থেকে যাবে বাঁধের বাইরে। সোজা বাঁধ না করে ঘুর পথে করায় সরকারেরও ব্যয় বেড়ে যাবে। এসব করা হচ্ছে কয়েকজন প্রভাবশালীর জমি রক্ষার জন্য।