পেশির চোটে ছিটকে পড়লেন ধোনি
পায়ের পেশির চোটের (হ্যামস্ট্রিং) কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়লেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সিরিজের বাকি ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বিরাট কোহলি।
ধোনির জায়গায় ১৫ সদস্যের দলে ডাকা পেয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান আম্বাতি রাইডু। আন্তর্জাতিক ম্যাচে এখনও অভিষেক হয়নি তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন ধোনি। পরে ফিল্ডিংয়ে আর নামেননি তিনি। বাকি সময়টা দলকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। ওই ম্যাচে ১ উইকেটে হারে ভারত।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে চোট পাওয়ায় বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী এই অধিনায়ক।
মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। দুদলই তাদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে।
