গুলিস্তানে বন্দুকযুদ্ধ, পুলিশসহ আহত ৩
রাজধানীর গুলিস্তানে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ডাকাতদের গোলাগুলিতে এক কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) জানান, সোমবার রাত ১টার দিকে গোলাপশাহ মাজারের কাছে এ ঘটনা ঘটে।
এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এটিএম বুথে ডাকাতি করে আসছিলো বলে জানান তিনি।
আহতরা হলেন- পুলিশ কনস্টেবল আবদুল আজিজ, মানিক ওরফে রবিন (২৩) ও ইয়াছিন (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ফোরকান নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ প্রথমে রাজধানীর পান্থপথ থেকে ফোরকানকে আটক করে। পরে তার মাধ্যমে তার চক্রের অন্য সদস্যদের একটি বুথে ডাকাতির পরিকল্পনার কথা বলে গুলিস্তানে যেতে বলা হয়।
“একটি পিকআপে করে তারা কয়েকজন গোলাপ শাহর মাজারের কাছে আসে। পুলিশ তাদের ঘিরে ফেলতে থাকলে পিকআপ থেকে তারা গুলি শুরু করে। এ সময় পুলিশও বাধ্য হয়ে পাল্টা গুলি চালায়।”
এ সময় কনস্টেবল আবদুল আজিজ এবং ‘ডাকাত দলের’ দুই সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরে ওই পিকআপে ১৪টি চাপাতি পাওয়া গেলেও পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি বলে মাসুদুর রহমান জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকের মাথায় ও পায়ে এবং ইয়াছিনের বাম হাতে ও পায়ে গুলি লেগেছে।
এছাড়া কনস্টেবল আজিজ বাম হাঁটুর কাছে গুলিবিদ্ধ হয়েছেন।
