২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে ঘুষের মামলা

ঘুষ চাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে মামলা করেন শিকলবাহা এলাকার বাসিন্দা মাঈনুদ্দীন আল মাইজভাণ্ডারি।

আদালত মামলাটি আমলে নিয়ে নগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) আগামী ১২ অগাস্টের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ফুয়াদ।

মামলার আসামিরা হলেন- কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দেব, উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ও আতাউল।

এছাড়াও পুলিশের বাইরে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ওরফে বাকুইল্লাকেও আসামি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ৬ জুন আবুল কালাম বাকুইল্লা মইজ্জার টেক এলাকায় মাঈনুদ্দীনের দোকান উচ্ছেদ করতে যায় আসামিরা। পরে রাতের অন্ধকারে তার দোকানে অাগুন দেয় এবং মালামাল লুটপাট করে আসামিরা।

এবিষয়ে বাদি থানায় অভিযোগ করতে গেলে ওসি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা তার কাছ থেকে দুলাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।