সলঙ্গায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় শাবানা খাতুন (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাবানা দিনাজপুরের বাঁশেরপাড়া তাজনগর এলাকার তাজমুল ইসলামের স্ত্রী।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজমুল পোশাককর্মী হিসেবে ঢাকায় কাজ করেন। তার স্ত্রী ও মা সলঙ্গার দাদনপুর এলাকার আব্দুল হাকিমের বাড়িতে ভাড়া থাকতেন এবং হাটিকুমরুল মোড়ের একটি খাবারের দোকানে কাজ করতেন।
শাশুড়ীর সঙ্গে পূত্রবধুর মাঝেমধ্যেই পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হত। এর জের ধরেই রোববার গভীর রাতে ঘরের মধ্যে শাবানার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা।
এটি আত্মহত্যা না হত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর।
