ধর্মঘটের ডাক দিল খুলনার পরিবহণ শ্রমিকরা
পুলিশি হয়রানি, ডাকাতি রোধ, শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি সোমবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ পরিবহণ ধর্মঘটের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু।
লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন সেতুতে ট্রাক-শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। দৌলতদিয়া, পাটুরিয়া, মাওয়া ও চরজানাজাত ফেরি ঘাটে গাড়ির সিরিয়াল নিয়েও চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। একইসঙ্গে বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ বিভিন্ন পরিবহনে তল্লাশির নামে হয়রানি ও চাঁদাবাজী করছে বলেও অভিযোগ করা হয়।
পরিবহণ শ্রমিক নেতারা বলেন, কোথাও বাস-ট্রাক আটক করে ডাকাতির ঘটনা ঘটলে প্রকৃত ডাকাতদের না ধরে উল্টো গাড়ির চালক ও হেলপারদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে পুলিশ।
এ সব ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে নড়াইলের সাদেক আহমেদ খান, মাগুরার এমদাদুর রহমান, চুয়াডাঙ্গার জেনারেল ইসলাম, যশোরের মাহবুবুর রহমান মজনু ও মোর্ত্তজা হোসেন, মেহেরপুরের আব্দুল কুদ্দুস, কুষ্টিয়ার আফজাল হোসেন, বাগেরহাটের আবু সাইদ ও আফজাল হোসেন, ঝিনাদহের আব্দুল কুদ্দুস, যশোরের আলমগীর সিদ্দিকী, মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
