২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়-প্রতিপাদ্য নিয়ে ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রশাসন ভবন সংলগ্ন মল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও কেক কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিস সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ (শিক্ষা) ও অধ্যাপক সহিদ আক্তার হোসাইন (প্রশাসন), কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর সেখান থেকে সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসিতে শেষ হয়।

টিএসসি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি আলোচনা সভা হয়।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক। জাতির ইতিহাসের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নিবিড়।

ভাষা আন্দোলেন থেকে শুরু করে দেশের সব আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিয়েছে।”

“আমাদের মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাই প্রথমে প্রাণ দিয়েছেন।”

মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ কে আজাদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সূতিকাগার।জাতির অন্ধকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবদান রেখেছে তা পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় রাখতে পারেনি। আর সেকারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

আলোচনা সভায় ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক অজয় রায়্।

১৯২১ সালের ১লা জুলাই আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পর থেকে জাতিগঠনে ভূমিকা রেখে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।

দেশের ইতিহাসে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন-প্রতিটি ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নেতৃস্থানীয় ভূমিকা রয়েছে।

প্রতাষ্ঠার সময় ৮৭৭ জন শিক্ষার্থী, ৬০জন শিক্ষক, তিনটি অনুষদ ও তিনটি হল নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমানে এ সংখ্যা বহুগুণে বেড়েছে।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪৭ হাজার ৮২৭ জন। শিক্ষক রয়েছেন এক
হাজার ৮০৯ জন। ১৩টি অনুষদের আওতায় ৭২টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের আবাসনের জন্য রয়েছে ১৯টি হল।