মুজাহিদের আইনজীবীকে মারধরের ঘটনা ‘সাজানো’
আলী আহসান মো. মুজাহিদের আইনজীবীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সাক্ষী জহির উদ্দিন জালাল, যিনি ‘বিচ্ছু জালাল’ নামেই পরিচিত।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবী এবিএম মুন্সী আহসান কবিরের অভিযোগ, গত ২৬ মে পল্টন এলাকায় তার ওপর হামলা চালান প্রসিকিউশনের সাক্ষী জহির উদ্দিন।
এই অভিযোগ জানিয়ে জালালের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য শাস্তি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আহসান কবির। আসামি পক্ষের আইনজীবীদের নিরাপত্তা বিধানে আদালতের আদেশ রয়েছে।
আইনজীবীর আবেদনে জালালকে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। দুই দফা সময় নিয়ে রোববার লিখিত জবাব দেন জালাল।
জালালের আইনজীবী মহসীন রশিদ ট্রাইব্যুনাল-২ এর জবাব পড়ে শোনান।
জালাল বলেছেন, ঘটনার আগে-পরে দুই মাসের মধ্যে তিনি কাকরাইল এবং পল্টন এলাকায় যাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনাটি ‘সাজানো’। এমন কোনো ঘটনা আদৌ ঘটেনি।
জালালের লিখিত বক্তব্যের জবাব দিতে সময় চেয়ে আবেদন করেন আহসান কবীরের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম।
তিনি বলেন, তারা পাল্টা জবাব দাখিল করবেন। তবে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নেই বলে সময় প্রয়োজন।
তাদের আবেদনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল আগামী ১১ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
