লালমনিরহাটে ১০ ইউপি সদস্য বরখাস্ত
অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম ইউনিয় পরিষদের ১০ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ইউপি সদস্যরা হলেন- আব্দুল আজিজ, গোলাপ হোসেন, মিরাজ উদ্দিন, ধনেশ্বর রায়, মোজাফ্ফর হোসেন, কাবেজ আলী, আবু হোসেন, হামিদা বেগম, মিনতি রাণী ও হেমলতা রায়।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের আদেশ দিয়ে পাঠানো একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১-১২ অর্থবছরে জেলার কালীগঞ্জ উপজেলার ৪ নং দলগ্রাম ইউনিয়নের ‘স্থানীয় সরকারকে শক্তিশালী ও উন্নয়নমুখীকরণ (এলজিএসপি-দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ১১ লাখ ৫৮ হাজার ৫৮৮ টাকা বরাদ্দ দেয়া হয়।
“অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলুল জাহিদ পাভেলের নেতৃত্বে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটি অভিযোগের সত্যতা পায়।”
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার উপ-সচিব মোছা. কামরুন্নাহারের সই করা ওই চিঠিতে ১০ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
ইউএনও বলেন, “সকালে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিটি পেয়েছি এবং দুপুরে তা ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিয়েছি।”
অভিযুক্তদের ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
১০ ইউপি সদস্যের সাময়িক বরখাস্তের আদেশের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দলগ্রাম ইউপি চেয়ারম্যান তায়েজুল ইসলাম।
