মান্নান-আজমত কর্মীদের সংঘর্ষে আহত ১০
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচরাণার সময় মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান ও এম এ মান্নানের কর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার নলজানি এলাকায় এ সংঘর্ষে আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসী জানায়, সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বাছির উদ্দিন সড়ক এলাকায় ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লার পক্ষে ২০-২২ জন কর্মী বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করছিলেন। এ সময়ে ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নানের অর্ধশতাধিক কর্মীও প্রচারণা চালাচ্ছিলেন।
নলজানি এলাকায় দুপক্ষ মুখোমুখি হলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
