২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলে দেয়া হয়েছে রাজ্জাক প্লাজা

ফাটলের খবরে সিলগালা করে দেয়া সাভারের বহুতল বাণিজ্যিক ভবন রাজ্জাক প্লাজা খুলে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা ভবনটি ঝুঁকিমুক্ত বলে প্রতিবেদন দেয়ার পর রোববার সকালে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভবনটি খুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা সাংবাদিকদের বলেন, শনিবার বুয়েট বিশেষজ্ঞ দল চার পাতার প্রাথমিক প্রতিবেদন দেন। প্রতিবেদনে ভবনের নয় তলায় থাকা অতিরিক্ত অংশটি সরিয়ে ফেলাসহ কয়েকটি শর্তসাপেক্ষে ভবনটি খুলে দেয়ার কথা বলা হয়।

ফাটলের খবরে বুধবার সকালে রাজ্জাক প্লাজা খালি করে সিলগালা করে দেয় হয়।

পরদিন বুয়েট প্রকৌশলী ড. সৈয়দ ফখরুল আমিন ও অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ বাণিজ্যিক এ ভবনটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভবনটি ঝুঁকিপূর্ণ নয় বলে তারা জানিয়েছিলেন।

নয়তলা এই ভবনের প্রথম তিনটি তলায় মোবাইল, পোশাক, জুতা ও জুয়েলারিসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ২৭০টি দোকান।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আল-মুসলিম গ্রুপের ‘প্যাসিফিক ব্লু জিন্স অয়্যার লিমিটেড’ এবং সপ্তম ও অষ্টম তলায় জোবিয়ান সোয়েটার কারখানা রয়েছে।

আর নবমতলায় টিনের ছাউনি দিয়ে শ্রমিকদের জন্য একটি ক্যান্টিন রয়েছে।

ভবনটির আট তলা পর্যন্ত অনুমোদন নেয়া আছে।

পুরনো খবর:

রাজ্জাক প্লাজা ঝুঁকিপূর্ণ নয়: বুয়েট প্রকৌশলী
ফাটলের খবরে ভবন খালি, ব্যবসায়ীদের বিক্ষোভ