২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাটলের খবরে ভবন খালি, ব্যবসায়ীদের বিক্ষোভ

সাভারে রানা প্লাজার কাছে একটি বহুতল ভবনে ফাটলের খবরে সব দোকান ও কারখানা বন্ধ করে দেয়ার পর বিক্ষোভ করেছেন দোকান মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 06:27 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

রাজ্জাক প্লাজা নামের নয়তলা ওই ভবনের সব দোকান বন্ধ করে দেয়ার পর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে দোকান খুলে রাখার অনুমতি দাবি করেন তারা।

সাভার থানার ওসি মোস্তফা কামাল জানান, ব্যবসায়ীরা সরে যাওয়ার পর বেলা দেড়টার দিকে মহাসড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

সকালে ভবন খালি করার পর ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বিজিএমইএ, কারখানা পরিদর্শক, পৌরসভার কর্তৃপক্ষ এবং ভবন মালিক ও দোকান মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক করে স্থানীয় প্রশাসন।

বৈঠকের পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, ফাটলের খবর প্রকাশ হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের দিয়ে ভবন পরীক্ষার আগ পর্যন্ত ভবনটিতে সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর পরপরই ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

তখন দোকান খুলে রাখার দাবিতে মহাসড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা।

রাজ্জাক প্লাজার পাঁচটি ফ্লোরে থাকা দুটি পোশাক কারখানা সকালেই বন্ধ করে দেয়া হয়।

নয়তলা এই ভবনের প্রথম তিনতলায় মোবাইল, পোশাক ও জুয়েলারিসহ বিভিন্ন সামগ্রীর ২৭০টি দোকান রয়েছে। আর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিনসঅয়্যার লিমিটেডের কারখানা এবং সপ্তম ও অষ্টম তলায় জোবিয়ান স্যুয়েটারের কারখানা রয়েছে।

নবমতলায় টিনের ছাউনি দিয়ে শ্রমিকদের জন্য একটি ক্যান্টিন রয়েছে।

ইউএনও কামরুল হাসান বলেন, ভবনটির আট তলা পর্যন্ত অনুমোদন রয়েছে। নবমতলায় যে ক্যান্টিন করা হয়েছে তার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞ দল দেখার পর ক্যান্টিন ভেঙে ফেলতে বললে তা ভেঙে ভবনে কার্যক্রম পরিচালনা করতে হবে। সে পর্যন্ত ভবন খালি থাকবে।

বিজিএমইএর ডেপুটি সেক্রেটারি আব্দুল খালেক বলেন, মূল ভবনে কোনো ফাটল নেই। নবমতলায় ক্যান্টিনের দেয়ালে সামান্য ফাটল দেখা দিয়েছে। তবে তা ভবনের জন্য ততোটা ঝুঁকিপূর্ণ নয়।

এদিকে ভবন মালিক ও দোকানমালিক সমিতির নেতাদের অভিযোগ, চাঁদা চেয়ে না পেয়ে একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ভবনে ফাটলের খবর প্রচার করেছেন, যা ভিত্তিহীন।

মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক উত্তম সাহা ও কোষাধ্যক্ষ আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার নাজমুল ভবনে এসে পাইপের ফাঁকের পলেস্তারা খসে পড়ার দৃশ্য ভিডিও করেন। এরপর ভবন মালিক অলি আহমেদ এবং দোকান মালিক সমিতির নেতাদের ডেকে ফাটলের খবর প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন।

ওই টাকা না দেয়ায় তিনি এ খবর প্রচার করেছেন বলে দাবি করেন এই ব্যবসায়ী নেতারা।

নাজমুলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সকালে রাজ্জাক প্লাজার কাছাকাছি তার শ্বশুরবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে দোকান মালিক ও কর্মচারীরা।

আর ভবন মালিক অলি আহমেদ বলেন, “সাংবাদিক নাজমুলকে চাঁদা না দেয়ায় তার ভবন বন্ধ করে দেয়া হয়েছে।”

গত এপ্রিলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে এক হাজার একশ’ ৩০ জন নিহত হয়।