রোকেয়ার ৩৩৩ জনের চাকরি গেল
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া ৩৩৩ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরির মেয়াদ শেষ হয়েছে।
রোববার তাদের চাকরির ছয় মাস মেয়াদ শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
সাবেক উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া এদের নিয়োগ দিয়েছিলেন।
এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চাকরি হারানোরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ সৃষ্টি না করে এবং ইউজিসির নিষেধাজ্ঞা না মেনে সাবেক উপাচার্য ড. আব্দুল জলিল মিয়া ছয় মাস মেয়াদে ৩৩৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেন।
এদের মধ্যে ১৫ জন শিক্ষক রয়েছেন বলেও তিনি জানান।
“ইউজিসি ৬১৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ২৮৫টি পদের অনুমোদন দিয়ে বেতন-ভাতাসহ সব সুযোগ সুবিধা প্রদান করছে,” বলেন তিনি।
গত ৫মে উপাচার্য ড. আব্দুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয়।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ সৃষ্টি না করে নিয়োগ দেয়াটাই অন্যায় হয়েছে। পদ সৃষ্টির বিষয়ে আলোচনা চলছে। ইউজিসি অনুমোদন দিলে চাহিদা অনুযায়ী পদায়ন করা হবে।”
চাকরি হারানোদের বিক্ষোভ
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এই কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের মুখপাত্র প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, “৭২ ঘণ্টার মধ্যে তাদের চাকরি স্থায়ী করা না হলে অনির্দিষ্টকালের জন্য উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখা হবে।”
সমাবেশে বক্তব্য দেন, কর্মকর্তা তাপস গোস্বামী, রবিউল আলম রবি, কর্মচারি রাহেল চৌধুরী পিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার তালুকদার প্রমুখ।
