পাবিপ্রবি প্রক্টরের অপসারণ দাবি
প্রক্টরের অপসারণের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন শুরু করেছেন।
রোববার সকালে শিক্ষকরা ক্লাশে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের ক্লাশ না করার অনুরোধ জানান। এরপর শিক্ষকরা ক্লাশ থেকে বের হয়ে যান।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ জানান, প্রক্টর কামরুজ্জামানের অপসারণের দাবিতে তারা অনির্দিষ্টকাল ক্লাশ বর্জন করবেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রক্টর কামরুজ্জামান প্রকাশ্যে ছাত্রদল ও শিবিরকে প্রকাশ্যে মদদ দেন, আশ্রয় প্রশ্রয় দেন।
এছাড়া কারণে অকারণে ছাত্রদের হয়রানি করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করছে।
“আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছি,” বলেন সবুজ।
গত ৩০ ডিসেম্বর প্রক্টরের দায়িত্ব শেষ হলেও তাকে অব্যাহতি দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, কেউ অভিযোগ করলে করার কী আছে?
মেয়াদ শেষ হওয়ার বিষয়ে বলেন, কর্তৃপক্ষ তাকে পুনর্বহাল করেছে। তাই কাজ চালিয়ে যাচ্ছেন।
ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার্থীরা কোনো সুনির্দিষ্ট দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানায়নি।
