২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে থেকে বিচ্ছিন্ন খাগড়াছড়ি ও রাঙামাটি

ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

খাগড়াছড়ি/রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 04:50 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

দুই জেলাতেই রোববার ভোর থেকে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, বনায়নের নামে পাহাড়িদের জমি বেদখল এবং রামগড়ে স্থানীয় ৫০ পরিবারকে উচ্ছেদ করে সেখানে সেটলার পুনর্বাসন বন্ধ করার দাবিতে এই অবরোধের ডাক দেয় সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ভোর থেকে জেলার অভ্যন্তরীণ রুটেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহরের চেঙ্গী স্কোয়ার চত্বরে যুব ফোরামের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তাফিজুর রহমান বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

রাঙামাটি প্রতিনিধি জানান, সকালে অবরোধকারীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঢুলুছড়ির হেডম্যান পাড়া এলাকায় একটি জিপ ভাংচুর করেছেন।

এছাড়া তারা সড়কটির খামার পাড়া, কতুকছড়িসহ কয়েকটি স্থানে পিকেটিংও করেন।

তবে রাঙামাটি শহরে অটোরিকশাসহ কয়েকটি হাল্কা যান চলাচল করতে দেখা গেছে।