ইউনূসকে সমর্থন খালেদার
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করে এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন প্রকাশ করেছেন খালেদা জিয়া।
শনিবার সংসদে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, “ড. ইউনূসের অবস্থানের প্রতি আমরা দৃঢ় সমর্থন প্রকাশ করছি।”
ইউনূসের সঙ্গে সরকারের আচরণের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন জাতীয় ব্যক্তিত্বরা যদি দেশে মর্যাদা না পান, তবে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।
গ্রামীণ ব্যাংককে সরকার ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
“গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সুপারিশ করেছে সরকার গঠিত কমিশন, আমরা এতে স্তম্ভিত। যে প্রতিষ্ঠান দেশের নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে সরকার প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করি।”
রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো ‘লুটপাটের’ পর এখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেন খালেদা।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপির সমর্থনের কথা জানিয়েছিলেন।
সরকারের ব্যর্থতার সমালোচনা
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, গুম, খুন, হত্যা, সংখ্যালুঘুদের উপাসনালয় হামলা, সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর নিপীড়ন নির্যাতন, গণমাধ্যম বন্ধ, সরকারের নতজানু পররাষ্ট্র নীতি, সভা-সমাবেশে পুলিশের গুলি, শাপলা চত্বরে আলেমদের ওপর পুলিশি অভিযান, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার চালিয়েছে।
প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে খালেদা জিয়া বলেন, "সরকার নজিরবিহীন দলীয়করণ করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীরা প্রকাশ্যে বলেছেন, আওয়ামী লীগের লোক ছাড়া কাউকে কোথাও নিয়োগ দেয়া হবে না। এ সরকার ক্ষমতায় আসার পর প্রায় ১ হাজার ৮৮০ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। বর্তমানে সচিব হতে সহকারি সচিব পর্যন্ত ৬শ' কর্মকর্তা ওএসডি আছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তিকে বাধ্যতামূলক অবসর দেয়া হবে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে।"
"ইতোমধ্যে পাঁচজনকে অবসরে পাঠানো হয়েছে। এর উদ্দেশ্য একটিই–আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়ে প্রশাসনকে এক চেটিয়া আওয়ামী লীগের পক্ষে রাখা।"
'অশালীন বক্তব্যের জন্য দায়ী সরকার'
সংসদে অশালীন ভাষা ব্যবহারের সমালোচনা করে খালেদা বলেন, “জাতীয় সংসদে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে, তাতে নতুন প্রজন্ম আমাদের কাছে শিখছে, তা আমাদের তলিয়ে দেখা দরকার।”
অশালীন ভাষা ব্যবহারের জন্য সরকারি দলকেই দায়ী করেন তিনি।
"সংসদে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা আমাদের জন্য চরম লজ্জার বিষয়। সরকারি দলের দায়িত্বশীল সদস্যরা, মন্ত্রিবর্গ এমনকি সংসদ নেতা পর্যন্ত বিরোধী দল ও আমাদের জাতীয় নেতাদের সম্পর্কে যেসব নোংরা ইংগিত করে আসছে, তাতে দেশের মানুষ মর্মাহত।’’
"জিয়াউর রহমান, আমার ও আমার পরিবার সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে, তা শোনার যোগ্য নয়। এ ধরনের বক্তব্য শুনে আমরা অভ্যস্ত নই। এসব বক্তব্যের জবাব দেয়া আমার রুচিবোধ ও পারিবারিক শিক্ষা বিরোধী। সে কারণে আমরা এতোদিন সংসদ কার্যক্রমে অংশ নিতে বিব্রত ও লজ্জাবোধ করি", যোগ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, "আমরা যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, সংসদীয় রীতিনীতি অক্ষুন্ন রাখতে চাই, তাহলে এই সংসদের পরিবেশ এতো কলুষিত কেন হলো, সেই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে।’’
সমঝোতার আহবান
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহবান জানান খালেদা জিয়া।
সমঝোতা জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "দেশের মানুষ দ্বন্দ্ব, সংঘাত, বিভেদ, বিভাজন চায় না। নারী-পুরুষ, বয়স পেশা নির্বিশেষে সব ধরণের মানুষ মিলে আমাদেরকে সামনে এগুতে হবে। ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত ও সম্মিলিত মেধাকে জাতীয় অগ্রগতির খাতে প্রবাহিত করতে হবে।"
রাজনীতিবিদদের কাঙ্খিত উন্নতি সাধনে নির্দেশনা ও নেতৃত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ অধীন আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। রিক্ত বির্তক ও দ্বন্দ্ব-সংঘাতে আমরা তাদের সেই আশাকে ধুলোয় লুটিয়ে দিতে পারি না। বাংলাদেশে বিএনপি আছে, আওয়ামী লীগও আছে। অন্যান্য দলও আছে, থাকবে। আমাদের মত-পার্থক্যও থাকবে।"
গত ৩ জুন বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনে খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন।
এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া সংসদের বাইরে জানালেও এবার সংসদেই তা করছে বিরোধী দল।
স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে সোয়া তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। সরকারি দলের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বাজেটের ওপর বক্তব্য রাখেন। তার বক্তব্যের শেষ পর্যায়ে খালেদা জিয়া অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
সংসদ প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও বিরোধী দলের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিআইপি গ্যালারিতে বসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য শুনেন।
বিরোধী দলীয় ১ ঘণ্টা ৫৫ মিনিটের বক্তব্যের সময়ে বিরোধী দলীয় সদস্যরা টেবিল চাপড়িয়ে সংসদ সমর্থন জানান।
