কক্সবাজারের ২ শতাধিক গ্রাম প্লাবিত
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের আট উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
গত তিনদিন ধরে ভারি বর্ষণ চলছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা একেএম নাজমুল হক শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“গভীর সাগরে সঞ্চরণশীল মেঘমালার কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি অতিবৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।”
এদিকে টানা বর্ষণের কারণে রামু, সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও পেকুয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানিবন্দি হওয়ার কারণে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম সড়কের যানচালাচল বন্ধ ছিল। এছাড়া সদর উপজেলার বাংলাবাজার, পিএমখালী, চান্দের পাড়া, মল্লিকপাড়া, বাজারঘাটা, এসএমপাড়া, কলাতলী, নাজিরারটেক, সমিতিপাড়া, হাজিপাড়াসহ ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
বিকালে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বাজারঘাটা এলাকা পরিদর্শন করেছেন।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, তার উপজেলার ২২ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়ার ফকিরামুরা ও ওরুমজুরা, নাইট্যং পাড়া, সদরের পল্লানপাড়া, মোরাপাড়া, জাহালিয়া পাড়া, হাবিবছড়া, রাজারছড়া, সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, ঘোলাপাড়া, লাফারঘোনা, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমোরা, নয়াপাড়া, লেদা, আলীখালী, হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী, ঘিলাতলী, কাটাখালী, উলুবনিয়া, বাহারছড়া উপকূলীয় এলাকার শাপলাপুর, চৌকিদার পাড়া, বৃহত্তর শীলখালী, বাইন্যা পাড়া এলাকার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা, চিংড়িঘের, পানের বরজ, সুপারির বাগান ও ফসলি জমি ডুবে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, জোয়ার ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার ৬৫ কিলোমিটার বেড়িবাঁধের একাধিক স্থানে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে।
মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু জানান, তার ইউনিয়নের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।
একই সঙ্গে রামু উপজেলার ২০টি, চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮০টি, কুতুবদিয়া উপজেলার ৫০টি এবং উখিয়া উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
