বিক্ষোভের মুখে ছাড়া পেলেন ব্যবসায়ী
স্থানীয়দের বিক্ষোভের মুখে আটক এক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ।
জামায়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার গভীর রাতে সাগরদী বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার তাকে ছেড়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
সাগরদী বাজার কমিটির সভাপতি ও মহানগরীর ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পিংকু জানান, শুক্রবার রাতে সাগরদী বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানকে আটক করে পুলিশ।
শনিবার এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা আব্দুর রহমানের মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
জনতার বিক্ষোভের মুখে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জামায়াতের পক্ষ হয়ে নগরীতে নাশকতা সৃষ্টির পরিকল্পা করছে এমন খবরের ভিত্তিতে আব্দুর রহমানকে আটক করা হয়।
যাচাইবাছাই করে জামায়াতের সঙ্গে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
