বৃষ্টি থাকবে কয়েকদিন, সমুদ্রবন্দরে সতর্কতা
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সারাদেশে আরো কয়েকদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঝড়ো হওয়ার আশংকায় দেশের সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২৭ মিলিমিটার।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া শুক্রবার বিকাল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনাও রয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সারা দেশে আরো কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আয়শা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”
বজ্রসহ বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হওয়ার আশংকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।
