ভোটে থেকেও তাদের ভোট দেয়া হবে না
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকারী সাত হাজারের বেশি ভোটার ভোট দিতে পারছেন না।
নির্বাচনী কাজে জড়িতদের জন্য জাতীয় নির্বাচনে বিশেষ ব্যবস্থায় ভোট নেয়ার নিয়ম থাকলেও স্থানীয় নির্বাচনে সেই ব্যবস্থা নেই বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৯২টি কেন্দ্রে দুই হাজার ২৮৯টি বুথে গাজীপুর ভোট গ্রহণ হবে। এসব কেন্দ্রে স্থানীয় সরকারি-বেসরকারি, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে ৩৯২ জনকে প্রিজাইডিং, দুই হাজার ২৮৯ জনকে সহকারি প্রিজাইডিং এবং চার হাজার ৫৭৮ জনকে পোলিং কর্মকর্তা হিসেবে নিযোগ দেয়া হয়েছে।
এছাড়া এসব পদের বিপরীতে আরো শতকরা পাঁচ ভাগ কর্মকর্তাকে অতিরিক্ত রাখা হয়েছে।
“জাতীয় সংসদ নির্বাচনে এসব কর্মকর্তার ভোট দেয়ার বিকল্প ব্যবস্থা আছে। স্থানীয় সরকার নির্বাচনে নেই,” বলেন তিনি।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান চৌধুরী টুটুল এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট গ্রহণের দায়িত্ব দেয়ায় তিনি ভোট দেয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
এভাবে হাজার হাজার ভোট অকেজো হয়ে যাওয়ার বিষয়টি তিনি অমানবিক বলে মনে করেন।
জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ভোট গ্রহণ কর্মকর্তাদের ভোট নেয়ার বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি জানান মোখলেছুর।
আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ১৪ দল সমর্থিত আজমত উল্লাহ খান দোয়াত-কলম এবং ১৮ দল সমর্থিত এম এ মান্নান টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
নির্বাচনে ৩৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এরমধ্যে জয়দেবপুর থানা এলাকায় রয়েছে ১৬০টি এবং টঙ্গী মডেল থানা এলাকায় রয়েছে ৭৫টি ভোট কেন্দ্র।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোট কেন্দ্রগুলোর প্রতিটিতে অস্ত্রসহ সাত জন পুলিশ, তিন জন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসারের একজন পিসি, একজন এপিসি এবং লাঠিসহ ১২ জন সদস্যসহ মোট ২৪ জন সদস্য মোতায়েন থাকবে।
আর সাধারণ ভোট কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ৫৭টি মোবাইল ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ১৯টি স্ট্রাইকিং ফোর্স, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে মোট ২৮টি র্যাব টিম এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
