২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সিলেট নগরীর বালুচর এলাকায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 07:02 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

ছাত্রলীগের দাবি, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছে।

শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে নগরীর বালুচর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

আহত সৌরভ হাসান হিমেল (২৪) কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং নির্মল পাল (২৩) সাংগঠনিক সম্পাদক। তারা দুজনই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, পরীক্ষায় অংশ নিতে সকাল ১০টার দিকে রিকশায় করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন হিমেল ও নির্মল।

বালুচর এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ৭/৮ জন যুবক তাদের পথ আটকায় এবং রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল হক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েকদিন ধরেই খবর পাচ্ছিলাম শিবির কর্মীরা আমাদের ওপর হামলা করবে। আজ ওরাই হামলা করেছে।”