ঢাকা-সিরাজগঞ্জ আন্তঃনগর ট্রেন চালু
ঢাকা ও সিরাজগঞ্জ চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এ ট্রেনটি ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন চলাচল করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ট্রেনের উদ্ধোধন উপলক্ষে সকাল ১০টায় বাজার স্টেশন স্বাধীনতা স্বয়ারে এক জনসভার আয়োজন করা হয়।
রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, রেলমন্ত্রী মুজিবুল হক, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, রেল বিভাগের মহাপরিচালক আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েছিলেন বলেই আজ থেকে সিরাজগঞ্জের মানুষ সরাসরি ঢাকায় ট্রেনে ভ্রমণ করতে পারবে।
২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সভায় এ ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে রেল বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাউন্টার মাস্টার আজাহার আলী জানান, ৬টি বগিবিশিষ্ট ট্রেনটিতে ৫৩০টি সিট রয়েছে। সিরাজগঞ্জ জেলা সদরের জন্য ১৩০টি সিট বরাদ্দ রয়েছে।
শনিবার বাদে প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে পাবনার ঈশ্বরদী থেকে ছাড়ার পর ট্রেনটি চাটমোহর, উল্লাপাড়ার বড়াল ব্রিজ, উল্লাপাড়া, কামারখন্দের জামতৈল ও সিরাজগঞ্জ শহরের রায়পুর স্টেশন হয়ে সরাসরি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌছার পর ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
