২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের অভিযোগ গঠন ১৮ জুলাই

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৮ জুলাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

আসামিপক্ষের সময়ের আবেদনে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই দিন ঠিক করে দেয়।

গত ২৬ মে মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ২৭ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন রেখেছিল ট্রাইব্যুনাল। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে মীর কাসেমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরপর অভিযোগ গঠনের শুনানির জন্য আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

আবেদনে বলা হয়, প্রসিকিউশনের দেয়া চার হাজার পৃষ্ঠার নথিপত্রের মধ্যে ১০৯ পৃষ্ঠার নথি অস্পষ্ট। তাছাড়া এখনো অনেক নথি প্রসিকিউশন এখনো আসামিপক্ষকে দেয়নি।

এ সময় প্রসিকিউটর জেয়াদ আল মালুম আসামিপক্ষকে এক সপ্তাহ সময় দেওয়ার পক্ষে মত দেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তিন সপ্তাহের সময় মঞ্জুর করে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১৬ মে এই জামায়াত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। 

মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।

জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।

প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতিও হন।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।

তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগ ছাড়া বাকি সব অভিযোগেই অপহরণ করে নির্যাতনের বর্ণনা রয়েছে।

১১ নম্বর অভিযোগে বলা হয়, একাত্তর সালের ২৮ নভেম্বর শহীদ জসিমসহ ছয়জনকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়।

১২ নম্বর অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলম চৌধুরীসহ তিনজনকে অপহরণ করে নির্যাতন করা হয়। এরপর সেখান থেকে দুইজনকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়।

এ ছাড়া বাকি সব অভিযোগেই আটক করে নির্যাতনের কথা বলা হয়েছে।

এগুলোর মধ্যে ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ দিকে ওমর-উল ইসলাম চৌধুরী, লুৎফর রহমান ফারুক, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাইফুদ্দিন খান, আব্দুল জব্বার মেম্বার, হারুন অর-রশিদ খান, মো.সানাউল্লাহ চৌধুরী, নুরুল কুদ্দুস, সৈয়দ মো. এমরান, জাকারিয়া, সুনীল কান্তি বর্ধণ ও নাসির উদ্দিন চৌধুরীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে।