ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদলকর্মী’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটিতে জোর করে ছাত্রদলকর্মীকে অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাহ মখদুম হল শাখার এগার সদস্যের নতুন কমিটিতে দুই ছাত্রদলকর্মীকে অন্তর্ভুক্ত করা হয় বলে সংগঠনটির নেতাদের দাবি।
তবে, ছাত্রলীগ নোতারা এ দাবি অস্বীকার করেছেন।
সোমবার ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সন্ধ্যায় শাহ মখদুম আবাসিক হলের গেমস রুমে বিশেষ কর্মীসভার পর ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এস এম খলিলুর রহমান মামুনকে কমিটির সভাপতি করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজু, ইমতিয়াজ, মাহফুজ আলম আরিফ, ওসমান সরকার ও সাধারণ সম্পাদক মো. হাসান শাহরিয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত মাহমুদ ও আরিফ হাসান।
এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল করিম রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত সহ-সভাপতি মাহফুজ আলম আরিফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হাসান দুইজনই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
তারা হলে থাকেন বলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের জোর করে হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।
মাহফুজ আলম আরিফ বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রকৃত নাম আরিফুল ইসলাম। ছাত্রলীগের ছেলেরা আমার নাম জানে না। ওরা আমাকে ভয় দেখালে আমি মাহফুজ আলম আরিফ বলে মিথ্যা তথ্য দিই। আমার প্রকৃত নাম আরিফুল ইসলাম।”
তিনি হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র বলে জানান।
তিনি বলেন, “ওরা (ছাত্রলীগ নেতাকর্মী) আমাকে হুমকি-ধামকি দিয়ে এবং হলের (২৪১ নম্বর কক্ষ) জিনিসপত্র আটকে রেখে জোর করে কমিটিতে ঢুকিয়েছে।”
তিনি ছাত্রদলের রাজনীতিতে বিশ্বাসী বলে দাবি করে বলেন, ছাত্রলীগের ভয়ে হল থেকে পালিয়ে একটি ছাত্রাবাসে উঠেছেন।
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসী এবং দীর্ঘ দুই বছর আমার সঙ্গে ছিল তাদেরকেই হল কমিটিতে পদ দিয়ে মূল্যায়ন করেছি।”
ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফ ও হাসান দুইজনেই ছাত্রদলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জোর করে তাদেরকে নিজেদের কর্মী দাবি করতে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করেছে।
