কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মমিন জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-পাবনা সড়কের বারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই চালক হলেন- মেহেরপুর জেলার বক্কারপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে সোহেল রানা (৪০) ও নওগাঁ জেলার তাঁতিগ্রামের আনিছুর রহমানের ছেলে রতন (৩৮)। নিহত অন্যজন হলেন রতনের সহযোগী আলম (৩০)।
গুরুতর আহত অবস্থায় ধানবোঝাই ট্রাকের চালক রতনকে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং আলমকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই মমিন জানান, নিহত চালক সোহেল রানার সহকারী জনিও গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
