২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণ শহীদ জননীকে

যুদ্ধাপরাধের বিচার শুরুর দাবির আন্দোলনের নেতৃত্বদাতা শহীদ জননী জাহানারা ইমামকে এবার স্মরণ করে ‘শক্তি’ নিলো যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শহীদ জননীর মৃত্যুবার্ষিকীতে বুধবার শাহবাগে স্থাপিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানায় গণজাগরণ মঞ্চ, বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দু্ই দশক আগে জোরালো আন্দোলনের সূচনা করেন জাহানারা ইমাম, যার ধারাবাহিকতায়  এখন যুদ্ধাপরাধের বিচার চলছে।

এই বিচারে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবিতে গত পাঁচ মাস ধরে আন্দোলনে রয়েছে গণজাগরণ মঞ্চ, যারা শাহবাগে আন্দোলনের কেন্দ্রস্থলে শহীদ জননী স্মরণে অস্থায়ী বেদী স্থাপন করেছে। 

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করলেও তাকে হত্যা করার পর জাহানারা ইমামই এই বিচারের পক্ষে জোর দাবি করেন।

“এই বীরগেরিলা শহীদ রুমির জননী জাহানারা ইমামই আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তি।”

সকালে গণজাগরণ মঞ্চের পর শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বেদীতে ফুল দেয় ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সেক্টর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি কে এম সফিউল্লাহও শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানান।

দেশের প্রথম সেনাপ্রধান সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, “সেক্টর কমান্ডার ফোরামের দাবি ছিল তিনটি। যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেয়া, যুদ্ধাপরাধী সংগঠনের সঙ্গে আঁতাত না করা, ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার করা।

“কিন্তু এসব ইস্যুতে বিএনপি আমাদের কথায় সাড়া দেয়নি। আমরা চাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোই আগামীতে ক্ষমতায় আসুক। তা না হলে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখা সম্ভব হবে না।”

শহীদ জননীর ১৯তম মৃত্যুবার্ষিকীতে দিনভরই মানুষের শ্রদ্ধা নিবেদন চলে। সন্ধ্যায় প্রজ্জ্বলিত হয় অাঁধারবিনাশী আলোকমালা। তারপর গণজাগরণ মঞ্চে পরিবেশিত হয় বাঙালির মুক্তিসংগ্রামের গান ও কবিতা।

মিরপুরে জাহানারা ইমামের সমাধিতে ফুল দেয়া, স্মারক বক্তৃতা, আলোচনা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিলো এই দিনে।

ঘাতক দালাল নির্মূল কমিটি এবার জাহানারা ইমাম পদক দিয়েছে গণজাগরণ মঞ্চকে।

বিকালে ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এক অনুষ্ঠানে মঞ্চের মুখপাত্র ইমরানের হাতে এ পদক তুলে দেয়া হয়।

গত শতকের নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও গণআদালতের প্রধান উদ্যোক্তা জাহানারা ইমাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান।

 ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র  এ আন্দোলনের ধারাবাহিকতায় ‘শহীদ জননী’ হিসেবে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন মুক্তিযুদ্ধে ছেলে গেরিলা যোদ্ধা শফি ইমাম রুমিকে হারানো এই নারী। ক্যান্সার নিয়েও আন্দোলন চালিয়ে পরিণত হন যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের প্রতীকে।

জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, বন্দরনগরীতে আলোর মশাল জ্বেলে মিথ্যাকে পরাজিত করার আহ্বানে শহীদ জননীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নগরীর স্টুডিও থিয়েটারে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, “সাম্প্রতিক সময়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মিথ্যার অন্ধকারে সবকিছু ঢেকে দিতে তৎপর। তরুণ প্রজন্মকে এ মিথ্যার অন্ধকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তরুণ প্রজন্মকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শহীদজায়া মুশতারী শফী বলেন, জাহানারা ইমাম নিজের স্বামী পুত্রকে হারিয়ে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক সলিল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জাহানারা ইমামের জীবনবৃত্তান্ত পাঠ ও দলীয় ও একক কবিতা আবৃত্তি করেন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

পুরনো খবর:

প্রেরণায় শহীদ জননী
“যুদ্ধাপরাধের রায় দীর্ঘ লড়াইয়ের সফলতা”
সাহস যোগাচ্ছেন ‘জননী’