২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধ মেরামতের দাবিতে রাস্তায় অবরোধ

ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ মেরামতের দাবিতে সড়ক অবরোধ করেছে ভোলার পাঁচ উপজেলার বাসিন্দারা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বাঁধ দিয়ে উজান থেকে নেমে আসা ঢল, প্রবল বর্ষণ ও পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের পানি ঢুকে পাঁচ উপজেলার প্রায় ৩০ গ্রাম ৩/৪ ফুট পানিতে প্লাবিত হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে পরানগঞ্জ বাজার এলাকায় অবরোধ করে প্লাবিত এলাকার বাসিন্দারা।

বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে রাখে, পরে তারা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করে।

দুপুরে মিছিল নিয়ে শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সেখানে সমাবেশের পর বাঁধ মেরামতের দাবি জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেনের কাছে একটি স্মারকলিপিও দেয় তারা।

ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে সদরের ধনিয়া, বালিয়া কান্দি, তুলাতলী, কাচিয়া, সামান্দা, কালিকা নগর, ভবানীপুর, মাঝের চর, গঙ্গাকীর্তি, কালীকীর্তি, বলরাম সুরা, কানাই নগর, দরিরাম সংকর, চেউয়া খালি, বড় মানিকা, হাসান নগর, বাটামারা, চাদপুর, কেওয়ামূলা, চাচড়া, ধলিগৌর নগর, ঢালচর, চর পাতিলা, কুকরী-মুকরী।

কাচিয়ার গৃহবধূ জেসমিন ও সালমা সাংবাদিকদের বলেন, জোয়ারের পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘরে রান্না-বান্না বন্ধ।

স্কুলছাত্রী লিমা বলেন, জোয়ারের পানি ঘরে ঢুকে বই খাতা ভিজে যাওয়ায় পড়াশুনা ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের পানির চাপে গত পাঁচদিন ধরে পানিবন্দি তারা। প্রতিদিনই এ এলাকার বিভিন্ন গ্রাম রাস্তা,ঘাট ও স্কুল কলেজসহ বিভিন্ন স্থাপনায় পানি প্রবেশ করছে।

এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, ভেঙে যাওয়া এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে।

“জোয়ারের পানির চাপের কারণে আপাতত কাজ বন্ধ আছে। ২/৪ দিনের মধ্যেই পুরোদমে কাজ আবার শুরু হবে।