বিএনপি নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতা চাঁন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি)।
বুধবার দুপুরে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শহরের মহাজনপাড়া এলাকায় যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়।
পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন পিবিসিপির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সোহেল রানা, শাহাদাৎ হোসেন, মোস্তফা কামাল।
এ সময় বক্তারা মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের বান্দরছড়া এলাকায় তিন বাঙ্গালীকে পিটিয়ে আহত করা ও বিএনপি নেতা চাঁন মিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
