২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধসের ৯ কারণ বিজিএমইএর প্রতিবেদনে

সাভারে রানা প্লাজা ধসের দুই মাস পর ভবন মালিক, ওই ভবনে থাকা পাঁচ কারখানা মালিক ও নকশা অনুমোদনকারীদের দায়ী করে ‘তদন্ত প্রতিবেদন’ দিয়েছে গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

এই প্রতিবেদনে ভবন ধসের কারণ হিসাবে নয়টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে, যাতে রানা প্লাজার কারখানাগুলোতে অতিরক্তি কাঁচামাল ও কাপড় রাখা এবং ধারণ ক্ষমতার বেশি শ্রমিক নিয়োগের কথাও বলা হয়েছে।

এছাড়া নকশা উপেক্ষা করে অনুমোদিক ৬ তলার পরিবর্তে ৯ তলা নির্মাণ, নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার, পিলারের ভারবহন ক্ষমতা যথোপোযুক্ত না থাকা, ফ্লোরগুলোতে জেনারেটর স্থাপন, সেন্ট্রাল এয়ারকন্ডিশনারের জন্য ছাদে বেজমেন্টসহ ‘চিলার’ স্থাপন, কারখানাগুলোতে জেনারেটর ও বয়লারসহ বিপুল পরিমাণে যন্ত্রপাতি স্থাপন এবং একসঙ্গে সব জেনারেটর চালানোর ফলে সৃষ্ট কম্পনকে ভবন ধসের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দায়ী বক্তিদের আইনের আওতায় নেয়ারও সুপারিশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি।

গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার বিভিন্ন তলায় পাঁচটি পোশাক কারখানা ছিল।

সাম্প্রতিক বিশ্বের ভয়াবহতম এই ভবন ধসে অন্তত ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

ভবন ধসের ১০ দিন পর সহ-সভাপতি এসএম মান্নান কচির নেতৃত্বে ১১ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে বিজিএমইএ। 

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিবেদন প্রকাশ করেন এসএম মান্নান কচি।

সংগঠনের সভাপতি আতিকুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

কচি জানান, এই তদন্তের জন্য তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভবন মালিক, ওই ভবনে থাকা গার্মেন্টগুলোর মালিক, সংশ্লিষ্ট দপ্তর, দোকান মালিক, কর্মকর্তা-কর্মচারী, আশপাশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।

“এছাড়া ভবনের স্ট্রাকচারাল ডিজাইন, লে আউট প্ল্যান, পিলার, বিম ও স্লাবের কংক্রিট বুয়েটের পরীক্ষাগারে পরীক্ষা করিয়েছে কমিটি।”

কচি বলেন, সবমিলিয়ে তারা ১০০ জনের সাক্ষাৎকার নিয়েছেন। এর মধ্যে ৩৫ জনের মতামত তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে।

বিজিএমইএর এই সহ-সভাপতি বলেন, পরিদর্শন সাক্ষাৎকার ও পরীক্ষায় দেখা গেছে, ৬ তলা পর্যন্ত নকশার অনুমোদন থাকলেও পরে ৯ তলা করা হয়েছে রানা প্লাজা। বাণিজ্যিক ব্যবহারের কথা বলে নির্মিত হলেও সেখানে বানানো হয়েছে কারখানা।

Image
t

t

রানা প্লাজার মূল পিলারগুলোর আকার ছিল ২০ ইঞ্চি বাই ২০ ইঞ্চি। ‘কংক্রিট স্ট্রেন্থ’ ছিল ২ হাজার ৩০০ পিএসআই। প্রতিটি ফ্লোর ছিল ২০ হাজার বর্গফুটের। অথচ এ ধরনের ভবনের ক্ষেত্রে তা ৩৫০০ পিএসআই হওয়ার কথা বলে জানান তিনি।

“এ রকম নিয়মবহির্ভূত ভবনে ফাটল দেখা দেওয়ার পর তা বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে যথাযথভাবে পরীক্ষা না করিয়ে গার্মেন্ট মালিকদের কারখানা চালু রাখতে চাপ দেওয়ার জন্য ভবন মালিককে ভবন ধস ও হতাহতের জন্য দায়ী করা যায়। একইসঙ্গে বিজিএমইএর নির্দেশনা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবনে কারখানা চালু রাখায় কারখানা মালিকরাও দায়ী।”

এছাড়া দায়িত্ব যথাযথভাবে পালন না করায় ভবন অনুমোদন কর্তৃপক্ষ ও কলকারখানা পরিদর্শন পরিদপ্তরও সমানভাবে দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রানা প্লাজা ধসের ঘটনায় পুলিশ ভবন মালিক সোহেল রানা ও ওই ভবনে থাকা পোশাক কারখানা ইথার টেক্সের মালিক আনিসুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনানকে ইতোমেধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ও ইমারত আইনে দুটি মামলা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে সাভার উপজেলার পৌর নির্বাহী প্রকৌশলী এমতেমাম হোসেন, সহকারী প্রকৌশলী আলম মিয়া ও রানা প্লাজা নির্মাণের বিষয়টি তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী আবদুর রাজ্জাক খানকেও।

এস এম মান্নান কচি বলেন, “২৩ এপ্রিল রানা প্লাজার তৃতীয় তলার পিলারের একটি আনুভূমিক ও দুটি খাড়া ফাটল দেখা দেয়। এ খবর পেয়ে বিজিএমইএর পক্ষ থেকে ওই ভবনের কারখানাগুলো বন্ধ রেখে ইমারত বিশেষজ্ঞদের দিয়ে ভবন পরীক্ষা করিয়ে তারপর কারখানা চালুর পরামর্শ দেওয়া হয়। কিন্তু কারখানা মালিকরা তা না শুনে ভবন মালিকের কথায় কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেন।”

প্রতিবেদনে বলা হয়, ভবন ধসের দিন ২৪ এপ্রিল সকালে ভবন মালিক সোহেল রানা নিজে উপস্থিত থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে উদ্বুদ্ধ করেন এবং নিজেও ওই ভবনে তার অফিসে যান। ৯টা ১৫ মিনিটে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটরগুলো চালু করা হয় এবং সাড়ে ৯টার মধ্যে ভবনটি বিকট শব্দ করে ‘প্যান কেক আকারে’ ধসে পড়ে।

এই ভবন ধসের কারণে পোশাক শ্রমিকদের হতাহতের ঘটনায় বিজিএমইএর দায় কতোটা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সভাপতি আতিকুল ইসলাম বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সুতরাং বিজিএমইএ কোন দায় নেই।”

তিনি বলেন, “এই তদন্তের মাধ্যমে বিজিএমইএ প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করেছে। আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের চেষ্টা করছি। প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছি।”

আগামীতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব কারখানার ‘স্ট্রাকচারাল ডিজাইন’, ‘লে আউট’ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

“যারা সময়মত মানসম্মত ভবনে কারখানা স্থাপনে ব্যর্থ হবে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করার।”

পুরনো খবর:

রানার যাবজ্জীবন দণ্ডের সুপারিশ
‘ধসের কারণ নিম্নমানের সামগ্রী ও জেনারেটর’
‘রানা প্লাজায় নিয়ম মানেনি পৌরসভা’